বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা।
মো. জালাল উদ্দিন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যা ৭টায় ঘরে ফিরে দেখি দরজা ভাঙা, আলমারি খোলা। সমস্ত জিনিসপত্র এলোমেলো। চোরের দল আলমারিতে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











