ব্যস্ত নগরীতে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ফুটওভারব্রিজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, রক্ষণাবেক্ষণের অভাবে এসব ব্রিজ এখন সাধারণ মানুষের পারাপারের উপযোগিতা হারিয়ে ফেলেছে। দিনে হকারদের দখলে থাকায় এখানে হাঁটার কোনো জায়গা থাকে না, আর রাতে এগুলো পরিণত হয় মাদকসেবীদের নিরাপদ আস্তানায়। দিনের বেলা ফুটওভারব্রিজগুলোর ওপর দিয়ে হাঁটা যেন এক যুদ্ধ জয়ের শামিল। ব্রিজের দুই পাশ চেপে বসে থাকে অস্থায়ী হকারদের দোকান। বাকি অংশটুকু দখল করে রাখে ভিক্ষুকরা। ফলে সাধারণ পথচারী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের পক্ষে এসব ব্রিজ ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ নিচের মূল সড়ক দিয়েই পারাপার হচ্ছেন, যা প্রতিনিয়ত বড় ধরনের সড়ক দুর্ঘটনাকে আমন্ত্রণ জানাচ্ছে। এদিকে সূর্য ডোবার সাথে সাথেই ফুটওভারব্রিজগুলোর চিত্র সম্পূর্ণ বদলে যায়। অধিকাংশ ব্রিজে আলোর কোনো ব্যবস্থা না থাকায় অন্ধকার নেমে আসে। আর এই অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে বসে মাদকসেবী ও ছিনতাইকারীদের আড্ডা।
প্রকাশ্যেই চলে মাদক সেবন ও কেনাবেচা। ফলে রাত একটু গভীর হলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। বিশেষ করে কর্মজীবী নারীরা রাতে বাড়ি ফেরার পথে এসব ব্রিজে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভোগেন।
এই অসহনীয় পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
রনি মহুরী
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।











