ছোট পরিমাপের প্যাকেটজাত ভোজ্যতেল বাজারে সহজলভ্য করার দাবি

ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

স্বল্প আয়ের মানুষের ভিটামিন ও পুষ্টির ঘাটতি পূরণে ন্যায্যমূল্যে ছোট পরিমাপের প্যাকেটজাত ভোজ্যতেল বাজারে সহজলভ্য করার দাবি জানিয়েছেন ভোক্তা অধিকারকর্মী, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, খোলা ভোজ্যতেল ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই নিরাপদ, মানসম্মত ও পুষ্টিগুণসম্পন্ন ভোজ্যতেল সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে ছোট পরিমাপের প্যাকেজিং চালু করা সময়ের দাবি।

গতকাল বুধবার সকালে নগরীর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘স্বল্প আয়ের ভোক্তার ভিটামিন ঘাটতি পূরণের লক্ষ্যে স্বল্পমূল্যের ছোট পরিমাপের প্যাকেজিং : জনমত সৃষ্টি সংক্রান্ত আলোচনা সভা’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম বিভাগ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। মুখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জমান, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সৈয়দ মাহমুদুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পরামর্শক মুশতাক মো. ইফতেখার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ডা. আলিভা হক।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. আমির মুহাম্মদ নসরুল্যাহ, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান ড. আয়েশা বেগম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চয় বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ফয়েজউল্যাহ, পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, বিএসটিআই এর সহকারী পরিচালক মনতোষ বিশ্বাস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রিয় কমিটির সহসভাপতি হাজী ছালামত আলী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াছ ভূঁইয়া, বনফুল কিশোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক আনামুল আলম, বাংলাদেশ রেলওয়ের সহকারী মহাব্যবস্থাপক শেখ ফরিদ, প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, রাজনীতিবিদ ও সমাজকর্মী মিটুল দাশ গুপ্ত, যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে টেকসই পরিবর্তন আনতে হলে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন। তিনি নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে স্বল্প আয়ের জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক হারে ভিটামিন ‘এ’ ও ‘ডি’ ঘাটতি বিদ্যমান থাকলেও, খোলা ভোজ্যতেলের পরিবর্তে সাশ্রয়ী ছোট প্যাকেজিং চালু না হওয়ায় এই জনগোষ্ঠী ফর্টিফিকেশনের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। ২০১৩ সালে ভিটামিন ‘এ’ ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার পরও দরিদ্র জনগোষ্ঠী খোলা তেল ক্রয় করতে বাধ্য হওয়ায় ফর্টিফিকেশনের সুফল তাদের কাছে পৌঁছাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসাম্য ও ন্যায়ের চেতনা তুলে ধরেছেন নজরুল