খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

বরেণ্য কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলমের জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে উপজীব্য করে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে তুলে ধরা হয়েছে তাঁর দীর্ঘ সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিজীবনের অজানা কিছু গল্প। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্রে খুরশীদ আলমের সংগীতজীবনের বিভিন্ন দিকের পাশাপাশি তাঁর স্মৃতিচারণ, শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদান তুলে ধরা হয়েছে। একজন শিল্পী হিসেবে তাঁর পথচলা, দর্শন এবং সংগীতের প্রতি আজীবন নিবেদনও উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে। নির্মাতার প্রত্যাশা, দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য ‘হৃদয়ে কী সুর বাজে’ হবে খুরশীদ আলমকে নতুনভাবে জানার এবং তাঁর বর্ণাঢ্য জীবন ও সংগীতযাত্রার নানা অজানা অধ্যায় আবিষ্কারের একটি বিশেষ আয়োজন। আগামী ১ আগস্ট খুরশীদ আলম ৮১ বছরে পদার্পণ করবেন। তাঁর জন্মদিন উপলক্ষে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রামাণ্যচিত্রটি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো শাকিরা ম্যাডোনা বিবার পারিশ্রমিক নেননি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.০২ কোটি টাকা