শিক্ষার্থীদের মধ্যে যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পোর্ট সিটি ইউনিভার্সিটির (পিসিআইইউ) উদ্যোগে গত ১৮ জুলাই ‘যৌন হয়রানি প্রতিরোধ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন চবি নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসরীন আখতার। তিনি যৌন হয়রানির বিভিন্ন ধরন, এর সামাজিক ও মানসিক প্রভাব, প্রতিরোধের উপায় এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। মূল বক্তা ছিলেন পিসিআইইউ যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য ব্যারিস্টার আফরোজা আক্তার। তিনি যৌন হয়রানি প্রতিরোধে প্রচলিত আইন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া এবং ভুক্তভোগীদের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি নিরাপদ ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ, পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ এবং সকলের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মাইনুল হাসান চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধিকার। তিনি যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। প্রক্টর মো. রাশেদ খান মিলনের সভাপতিত্বে সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।












