পাহাড়তলীর আলোচিত রিফাত হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি শাহপরান প্রকাশ ফরহানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গ্রেপ্তার শাহপরান ময়মনসিংহ জেলার নিকলী থানার দামপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব, গত ২৩ জুন সকাল সাড়ে ৭টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাতকে কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে যায় সাজ্জাদ আলম শুভ। পরে দক্ষিণ কাট্টলীর আব্দুল সূফী চৌধুরী গ্যারেজ সংলগ্ন তিন রাস্তার মোড়ের আগে থেকে ওৎ পেতে থাকা শামীম, মারুফসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা রিফাতকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের হাঁটুর ওপর ছুরিকাঘাত করে। গুরুতর আহত রিফাতকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন ২৪ জুন নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, মামলার তদন্তে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি শাহপরান প্রকাশ ফরহানকে গত শনিবার রাতে হালিশহর থানার পোর্ট কানেক্টিং রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে বড় পর্দায় খেলা দেখার সময় ব্রাজিল সমর্থককে ধাওয়া
পরবর্তী নিবন্ধঅনিল পাল