‘মব’ করে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নিল আসামি

কুতুবদিয়ার ঘটনায় ৪ পুলিশ আহত, ৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ লোকজন। গত রোববার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করে মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী কুতুবদিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অমল বড়ুয়া অভিযোগ করেন, স্ত্রীর করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেনএমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা চার পুলিশ সদস্যকে মারধর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপর পুলিশ ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে ৬ জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনো পলাতক।

কুতুবদিয়া থানার ওসি মো. মাহাবুবুল হক বলেছেন, মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা এবং পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, হামলায় আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। পলাতক আসামি মিজানুর রহমানসহ পুলিশের ওপর হামলা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাক্ষীদের হুমকি, জামিন বাতিল করে দুই আসামিকে কারাগারে প্রেরণ
পরবর্তী নিবন্ধএভাবে আর কোনো মেয়ের মৃত্যু যেন না হয়