লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোরালো চাপের মধ্যেই দক্ষিণ লেবাননে স্থায়ী সেনাঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভ। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে মারিভ জানায়, দক্ষিণ লেবাননকে দীর্ঘমেয়াদে নজরদারির আওতায় রাখতেই এই স্থায়ী সেনাপোস্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দক্ষিণ লেবাননের ঠিক কোন এলাকায় সেনাঘাঁটি নির্মাণ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর বাংলানিউজের।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গত ২ মার্চ থেকে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সরকারি তথ্য অনুযায়ী, চলমান অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ১৩৪ জন নিহত হয়েছেন।












