আত্মহত্যার সিদ্ধান্ত : প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই পালালেন প্রেমিকা!

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

একসঙ্গে আত্মহত্যা করতে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক যুগল। তবে প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ঘটে গেল এক নাটকীয় ঘটনা। চোখের সামনে প্রেমিককে অথৈ জলে হাবুডুবু খেতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করা তো দূরের কথা, পুলিশকে না জানিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দিলেন প্রেমিকা! খবর বাংলানিউজের।

অবশ্য স্থানীয় ডুবুরি ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে। পুলিশ জানিয়েছে, যমুনায় ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম অনু গুপ্তা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ওই তরুণতরুণী একসঙ্গে নতুন যমুনা সেতুতে আসেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের আচরণ ও কথাবার্তা দেখে মনে হচ্ছিল তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েই সেখানে এসেছেন। সেতুতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অনু হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু প্রেমিকের এমন কাণ্ড দেখে থমকে যান পাশে থাকা প্রেমিকা। তিনি প্রেমিককে উদ্ধারের কোনো চেষ্টা না করেই উল্টো পথ ধরে সেখান থেকে দ্রুত হেঁটে পালিয়ে যান। ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় দক্ষ ডুবুরিদের সহায়তায় যমুনার বুকে শুরু হয় উদ্ধার অভিযান। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে টেনে তুলতে সক্ষম হন ডুবুরিরা। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে লেবাননে স্থায়ী সেনাঘাঁটি গড়ছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধএপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স