সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ এবং প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মাছ ধরার জাল, ডিজেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, ৯ জুলাই বিকাল ৩টার দিকে সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১–এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। ১৩ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশের যৌথ দল সন্দ্বীপ থানার চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ফিশিং বোটসহ সাতজন জলদস্যুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন উল্লেখ করে কোস্ট গার্ড জানায়, পরে জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, পাঁচটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











