নতুন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে

হোয়াইটওয়াশ এড়িয়ে মিরাজ বললেন

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারলেও শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। তবে প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে ২১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কৃতিত্ব দিয়েছেন বোলার ও দুই ওপেনারকে। পাশাপাশি নতুন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর কথাও জানিয়েছেন তিনি। সিরিজ জুড়ে বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ছেলেরা শুরু থেকে অনেক ভালো খেলেছে। তাসকিন, শরিফুল অনেক ভালো বল করেছে; তারা দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে বলেছি আগের দুই ম্যাচে যা হয়েছে তা চলে গেছে, সামনে জিতলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’ হারারের উইকেট নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘উইকেট বেশ কঠিন ছিল। তবে বোলারদের সুবিধা ছিল। তাই আগে বল নিয়েছি ৩ ম্যাচেই, সুবিধা কাজে লাগিয়েছি। আমাদের পেসাররা পুরো সিরিজেই অনেক ভালো বল করেছে। নাহিদ রানা, তাসকিন, শরিফুল পুরো সিরিজে দুর্দান্ত ছিল।’ ২০০ রানের লক্ষ্য তাড়ায় ১৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন সৌম্যতামিম। এই জুটির ভূয়সী প্রশংসা করে মিরাজ বলেন, ‘দারুণ জুটি গড়েছে সৌম্য এবং তানজিদ। প্রথম ১০ ওভারে উইকেট দিব না বলে আমরা আলোচনা করেছি। সৌম্য এবং তানজিদ দারুণ ব্যাট করেছে। এগুলো আমাদের আত্মবিশ্বাস দেবে।’ জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজ বলেন, ‘নতুন ভেন্যুতে নতুন কন্ডিশনে অনেক দিন পর খেলা হলো। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আমরা কন্ডিশন অনুযায়ী এই শিক্ষা কাজে লাগানোর চেষ্টা করবো।’

পূর্ববর্তী নিবন্ধটাইব্রেকারে গোল করতে না পারায় খুনের হুমকি ফুটবলার ও পরিবারকে
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত কোটায় বিশ্বকাপে অংশগ্রহণের যথার্থতা প্রমাণ করেছে আফ্রিকা