আনোয়ারা উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়া এলাকার ছাত্তার মাঝির ঘাটসংলগ্ন বেড়িবাঁধ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের পাথরের ফাঁকে আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে একটি গেঞ্জি ছিল। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ অজ্ঞাত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।












