কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত প্রায় ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি নাম মুশফিকুর রহিম। সে বলিরপাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল শিশুটি। একপর্যায়ে মা-বাবার অগোচরে খাবারের বাটি হাতে নিয়ে ঘরের দরজার বাইরে বের হলে বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির দরজার সামনের বন্যার পানিতে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহেদুল ইসলাম বলেন, মা-বাবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনেই তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও বন্যার পানিতে তলিয়ে রয়েছে। বিভিন্ন এলাকায় বাড়িঘরের আঙিনা ও সড়কে পানি জমে থাকায় শিশুদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয়রা বন্যাকবলিত এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।











