প্রার্থিতা বৈধ ঘোষণার পর সন্ধ্যায় শপথ নিলেন সরোয়ার আলমগীর

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

নির্বাচনের প্রায় পাঁচ মাস পর চট্টগ্রাম২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ পড়ান। খবর বিডিনিউজের।

জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে হওয়া এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এর আগে সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাই কোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেয়। এর ফলে তার ফলাফল গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের পথ খুলে যায়। আর হাই কোর্টের রায়ের পর চট্টগ্রাম২ আসনে নির্বাচিত সরোয়ার আলমগীরের নামঠিকানাসহ ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি সচিবালয় গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ আয়োজনের বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠায়। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচিত হন। তবে প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার কারণে এতদিন তার ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।

এদিকে হাই কোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের আগে গেজেট প্রকাশ ও শপথ আয়োজন না করতে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিস পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রায়ের কপি বের হওয়ার আগেই শুধু আইনজীবীর সার্টিফিকেটের ভিত্তিতে ইসির গেজেট প্রকাশের উদ্যোগকে ‘রহস্যজনক’ এবং আদালতের ‘প্রক্রিয়া বিনষ্টের শামিল’ বলে অভিযোগ করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে যুবক নিখোঁজ
পরবর্তী নিবন্ধতার ফাঁসি দেখলে একটু শান্তি পাব : ইরার মা