কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে ১৩০ শতাংশ

টানা বৃষ্টিতে পানি বাড়ছে কাপ্তাই হ্রদে

প্রান্ত রনি, রাঙামাটি | বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

দেশের একমাত্র জল বিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট। শুল্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন নামে তলানিতে। কখনো কখনো কেন্দ্রের ৫ ইউনিটের একটি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় ২০২৫ মেগাওয়াট। গত দুই তিনদিন আগেও কেন্দ্রের ৩টি ইউনিটে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৫০ মেগাওয়াটে। তিনদিনের টানা বৃষ্টিতে উৎপাদন বাড়ল প্রায় ১৩০.৮ শতাংশ। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদের পানির পরিমাপের রুল কার্ভ অনুযায়ী গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই হ্রদে ৭৯ দশমিক ৭৫ মিনস্‌ সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। যদিও স্বাভাবিকভাবে কাপ্তাই হ্রদে পানির থাকার কথা ৮৪ দশমিক ৯৬ এমএসএল। রুল কার্ভের হিসেবে বর্তমানে ৫ এমএসএল পানি কম রয়েছে। তবে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানি ক্রমাগত বাড়ছে।

অন্যদিকে, গত সপ্তাহেও বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা গেলেও গত রোববার থেকে টানা তিন দিন পাহাড়ি জেলা রাঙামাটিতে বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ছে। হ্রদের পানির উচ্চতা বাড়ার ফলে বাড়ানো হয়েছে উৎপাদন। টানা তিনদিনের বৃষ্টিপাতের প্রভাবে এখন ৫টি ইউনিটে উৎপাদন হচ্ছে ১৫০ মেগাওয়াট। গড়ে প্রতিটি ইউনিট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে রয়েছে। তবে কাপ্তাই হ্রদের পানি বাড়লে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হবে বলছেন বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান গতকাল সন্ধ্যায় বলেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গত কয়েকদিন আগে উৎপাদন ছিল ৬৫ মেগাওয়াট। বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি ক্রমাগত বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হবে।

পূর্ববর্তী নিবন্ধশিশু আয়নী খুনের মামলার বিচার শেষ হবে শীঘ্রই
পরবর্তী নিবন্ধনগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শনে ডিসি