শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গায় সাতজন কারারক্ষীসহ অন্তত ২৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, সামপ্রতিক বছরগুলোতে দেশটির কারাগারগুলোতে এটিই সবচেয়ে প্রাণঘাতী দাঙ্গার ঘটনা। খবর বাসসের।
কলম্বো থেকে পুলিশের বরাতে এএফপি জানায়, রাজধানী কলম্বোর উত্তরে নেগোম্বো কারাগারে দুটি মাদকচক্রের বন্দিদের মধ্যে রোববার রাতে সংঘর্ষের পর গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহতদের নেগোম্বো হাসপাতালে নেওয়া হয়। নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, সরকারি এ হাসপাতালে ২৩টি মরদেহ রাখা হয়েছে। এছাড়া নেগোম্বো কারাগারের শতাধিক আহত বন্দি ও কারারক্ষী চিকিৎসাধীন রয়েছেন। তিনি টেলিফোনে এএফপিকে বলেন, কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ ধারালো অস্ত্রের আঘাত এবং গুরুতর জখম নিয়ে এসেছেন। তিনি আরও জানান, গুরুতর আহত ১৮ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে বিচারমন্ত্রী হর্ষণা নানায়াক্কারা আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীকে পৃথক রাখার জন্য কর্তৃপক্ষ কাজ করছে। কলম্বোতে সাংবাদিকদের তিনি বলেন, তারা বন্দি ছিলেন, নাকি অপরাধজগতের সঙ্গে যুক্ত ছিলেন এ মুহূর্তে সেটি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। তিনি বলেন, মানুষ মারা গেছেন, আর সেটিই গভীরভাবে মর্মান্তিক। এমন ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না। মন্ত্রী জানান, কয়েক হাজার বন্দি থাকা নেগোম্বো কারাগারে রোববার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পাশের অংশে থাকা নারী বন্দিদের একটি দল ছাদে উঠে তাদের মুক্তির দাবি জানায়।












