চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬–২৭’ শীর্ষক এক সেমিনার গতকাল সোমবার অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বিশেষ অতিথি হিসেবে উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুরের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম. শোহরাবুদ্দিন এবং একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।
প্রধান অতিথি বলেন, আজকের সেমিনারটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বাজেটের গুরুত্ব অপরিসীম। এবারের বাজেটের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা রক্ষা এবং পুনর্গঠন। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে এবার বাজেটে ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এ যাবতকালের সর্ববৃহৎ বরাদ্দ দেওয়ার পাশাপাশি কৃষি ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের বিষয়টিও বাজেটে অগ্রাধিকার পেয়েছে। তিনি বলেন, তবে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আমাদের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব সংগ্রহ করতে না পারা এবং বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য বড় একটি পরীক্ষা। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, আজকের উপস্থাপিত গবেষণাপত্রে জাতীয় বাজেটের মূল দিকগুলো অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। এ বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে কৃষক, জেলে এবং অন্যান্য শ্রমজীবী মানুষের কল্যাণে ইশতেহার অনুযায়ী যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবি রাখে।
এছাড়া বক্তারা ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা, রাজস্ব নীতি এবং দেশের সার্বিক উন্নয়ন ভাবনার ওপর তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর জাতীয় অর্থনীতির সঠিক দিকনির্দেশনা ও বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় শিক্ষাবিদ ও গবেষকদের এ ধরনের গঠনমূলক আলোচনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান ও ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।











