চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন চট্টগ্রাম নগরের সরাইপাড়া সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী, যার কেন্দ্র ছিল ওমর গনি এমইএস কলেজ; ওমরগনি এমইএস কলেজের শিক্ষার্থী, যার কেন্দ্রও ছিল পাহাড়তলী কলেজ; এবং কক্সবাজার কমার্স কলেজের পরীক্ষার্থী, যার কেন্দ্র ছিল কক্সবাজার সিটি কলেজ এবং কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী, যার কেন্দ্র ছিল কুতুবদিয়ায়।
গতকাল সোমবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বোর্ডের অধীন পাঁচ জেলায় মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৬৮টি কেন্দ্রে ৬৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৩৪ জন অনুপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলায় ১১ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৫ জন, রাঙামাটি জেলায় চার হাজার ৯৬৩ জনের মধ্যে ১৩৩ জন, খাগড়াছড়ি জেলায় ছয় হাজার ৫২১ জনের মধ্যে ১৮৩ জন এবং বান্দরবান জেলায় তিন হাজার ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৭ জন অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।












