বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়া এলাকার সামশুল আলমের পুত্র।

সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জুয়েল রানা বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে উপজেলা সদরে নিজের কাপের দোকানে যাচ্ছিলেন। পথে দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে যান।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে জুয়েল রানা লিখেছিলেন, “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” ওই পোস্টের কিছুক্ষণ পরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার খবরে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধহরমুজে ফি নেবে ইরান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩