পটিয়ায় শহরমুখী বাসগুলো প্রতিনিয়ত মহাসড়কে উপর ঠাঁই দাঁড়িয়ে থেকে শরত… শরত…. (শহরে শহরে) ডাক দিয়ে যাত্রী উঠানামা করে যাচ্ছে। এতে মহাসড়কের পটিয়ায় ৭টি স্পটে সকাল সন্ধ্যা যানজটের সৃষ্টি হচ্ছে। এভাবে প্রতিনিয়ত ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বাস ও অন্যান্য পরিবহন শ্রমিকরা। যাত্রী উঠানামার সুনির্দিষ্ট স্থান থাকলেও বাস, অটোরিকশা ও মোটর রিকশাগুলো প্রতিনিয়ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে যাচ্ছে। অনেক সময় একাধিক বাস যাত্রী উঠানামা করতে গিয়ে প্রতিযোগিতায় নেমে দুর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। এতে যানজটের সৃষ্টি করে বাসগুলো।
এর ফলে সকালে পটিয়া পৌরসদরের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটিয়া সরকারি কলেজ, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, শশাংক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূর–দূরান্ত থেকে বিভিন্ন পরিবহনে করে আসা যাওয়া করা শিক্ষার্থীরা সড়কে যানজটের কবলে পড়ে। এছাড়াও যানজটের ফলে অফিস আদালতগামী হাজারো মানুষ পড়ে কর্মঘণ্টা হারানোর বিড়ম্বনায়।
মহাসড়কের পটিয়ার ৭টি স্পট বাসস্টেশন, ডাকবাংলো, থানার মোড়, পোস্ট অফিস মোড়, মুন্সেফ বাজার, বাদাম তল, শান্তির হাটে এ চিত্র প্রতিদিনের। যার কারণে প্রতিনিয়ত মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। স্পটগুলোতে বিশেষ করে বাস ও অটোরিকশাগুলো সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে। দীর্ঘ সময় নিয়ে সড়কের উপর দাঁড়িায়ে শরত… শরত… বলে ডাকতে থাকে। এ সময় পিছন থেকে ছোটবড় বিভিন্ন যানবাহন হরণ দিতে থাকলেও সাইড দেওয়ার কোনো গরজ থাকে না তাদের।
সরেজমিনে এসব স্পটগুলোতে গিয়ে দেখা যায়, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও তাদের কথায় অনেক চালক ও হেলপার কর্ণপাত না করে যাত্রী উঠানামার কাজে ব্যস্ত থাকে। অনেক সময় ট্রাফিক পুলিশ হাতে থাকা লাঠি নিয়ে এগিয়ে গেলে তারা কিছুটা সামনে সরে গিয়ে আবারও সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী তুলতে ব্যস্ত হয়ে পড়ে। পটিয়া অটো টেম্পো টেক্সি সিএনজি পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি বদিউল আলম বিভিন্ন স্পটে যানজটের বিষয়টি স্বীকার করে বলেন, অধিকাংশ ক্ষেত্রে এসব যানজটের কারণ বাসগুলো। এখন ব্যাটারি চালিত রিকশাগুলোও লোকাল যাত্রী উঠানামা করেন। সরকারিভাবে যাত্রী উঠানামা করার নির্দিষ্ট স্পট থাকলেও কেন সড়কের উপর দাঁড়িয়ে গাড়িতে যাত্রী উঠানামা করান সে বিষয়ে তিনি বাসের দিকেই অভিযোগের তীর নিক্ষেপ করেন।
জানতে চাইলে পটিয়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট আল আমিন জানান, আমরা প্রতিনিয়ত ট্রাফিক বিভাগের কর্মকর্তারা সড়কে যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছি। সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামার ঘটনায় ইতিমধ্যে অনেক গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তারপরও পরিবহন শ্রমিকরা সুযোগ বুঝে এসব কাজ করছে। এ ধরনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।











