কর্ণফুলীতে অয়েল ট্যাংকারসহ ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাতের আঁধারে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে অয়েল ট্যাংকারসহ ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ। এসময় চোরাই ডিজেল ক্রয়বিক্রয় চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বন্দরের ৬নং ভেসেল পয়েন্ট জেটি শহরকূল বরাবর কর্ণফুলী নদীতে ওটি ইশরাত নামক অয়েল ট্যাংকারে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল পাওয়া যায়। ট্যাংকারে থাকা সুপারভাইজার, মাস্টার ও স্টাফরা উক্ত ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ইশাদ (২২), মোঃ আব্দুল হালিম (৩৫), মোঃ নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) এবং মোঃ নুরুল আমিন (৫০)। উদ্ধারকৃত ডিজেলের মোট মূল্য অনুমান ১৪ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। একটি পাম্প মটর সংযুক্ত ১.৫ ইঞ্চি পাইপও জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় চোরাই ডিজেল ক্রয়বিক্রয় করে আসছিলেন। এ ব্যাপারে এসআই মোঃ মোজাম্মেল হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা রুজু করেছেন।

ধৃত আসামি আরিফুল ইসলাম মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ২০১৭ইং সালের হত্যা মামলার আসামি এবং আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ২টি ডাকাতির মামলা ও ৩টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ইয়াবাসহ গণ অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএইচএসসি : দুই পরীক্ষার্থী শনিবারের পরীক্ষাগুলো দেবেন সূর্যাস্তের পর