পটিয়ায় কবরস্থান থেকে উদ্ধার তরুণী, হাসপাতালে মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:২৯ পূর্বাহ্ণ

পটিয়ায় সড়কের পাশে একটি কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তরুণীর পরিচয় অবশেষে শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম সুমী আক্তার (২১)। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের উত্তর চরলক্ষ্যা জাকির মেম্বারের বাড়ি এলাকার বাসিন্দা মো. আইয়ুব আলীর মেয়ে। এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের লেঙ্গার দোকান সংলগ্ন সড়কের পাশের একটি কবরস্থানে স্থানীয়রা এক তরুণীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার হওয়ায় স্থানীয়দের ধারণা ছিল, তিনি বিষপান করেছেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, হাসপাতালে আনার সময় সুমী আক্তারের মুখ দিয়ে ফেনা ও বর্জ্য বের হচ্ছিল। তবে বিষের গন্ধ পাওয়া যায়নি, অনেক বিষের গন্ধ থাকে ,অনেক বিষের গন্ধ নাও থাকতে পারে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রয়োজনীয় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য বলেন, ওই তরুণীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তার মানসিক সমস্যা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপান করে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, ট্টগ্রামসহ ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে ৩৬০০০ প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী