দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে স্লিপার বাসে আগুন, নিহত ৭

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

ভারতে দিল্লিমুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী একটি স্লিপার বাস। রাজস্থানের দৌসার কাছে রাত ২টা ৩০ মিনিটে একটি ট্রেলারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেলার এবং বাসে আগুন ধরে যায়। এতে মৃত্যু হয়েছে ৭ জনের। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা কমপক্ষে ২২। বাসে ৩৭ জন যাত্রী ছিলেন। বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারকে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, বাসটি এসি স্লিপার কোচ হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। আপার বার্থে যারা শুয়েছিলেন, তাদের মধ্যে ৫ জনের ঝলসে মৃত্যু হয়েছে। মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে আরো দুই যাত্রীর। খবর বিডিনিউজের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগার পরই বাসে আগুন ধরে যায়। যাত্রীরা বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয়রাই যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, বাসের ভিতরেই আটকে পড়েছিলেন কয়েকজন যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নেভাতে শুরু করে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু।

পূর্ববর্তী নিবন্ধস্পেনে তাপপ্রবাহে মৃত্যু ছাড়াল ১ হাজার
পরবর্তী নিবন্ধকাতারে যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা শুরু