ফটিকছড়িতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে (ঘটনার সময় কিশোর ছিলেন) ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।
এসময় দণ্ডপ্রাপ্ত যুবক কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ–উল আলম চৌধুরী (মারুফ) বলেন, অপরাধটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হলেও ঘটনার সময় অভিযুক্ত শিশু ছিল। তাই শিশু আইন, ২০১৩ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতসূত্র জানায়, ২০২১ সালে ফটিকছড়ি থানা এলাকায় অষ্টম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক কিশোরীকে নিজঘরে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। ধর্ষণের ফলে ভুক্তভোগী গর্ভবতী হন এবং পরে একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে দেড় মাসের মাথায় শিশুটি মারা যায়।












