বোয়ালখালীতে মোটরসাইকেল নিয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জাবেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কধুরখীল জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুবাহী ট্রাককে পেছন থেকে ওভারটেক করে আসা একটি মোটরসাইকেল হঠাৎ রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জাবেদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহীও আহত হয়েছেন। ট্রাক চালক ঘটনাস্থলে ট্রাকটি রেখে পালিয়ে যান। বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









