বাইক-মাইক্রো সংঘর্ষ, দুই বন্ধুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৪:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে বানৌজা সাবমেরিন ঘাঁটি সড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোজাহের পাড়ার রাস্তার মাথার আমিনের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়ার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব আলম (২৫) ও মৃত কামাল উদ্দিনের ছেলে মো. রিদুয়ান হাসান রাসেল (২৪)। আহত অপর আরোহীর নাম মোহাম্মদ শাহেদ (২৪)

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। মোটরসাইকেল চালিয়ে মাহবুব গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা পেকুয়া সড়কে উঠতেই পেকুয়াগামী যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাহবুব আলমের মৃত্যু হয়। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চট্টগ্রাম শহর এলাকায় মারা যায় রাসেল।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান সড়ক দুর্ঘটনায় দুই যুবক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুইজনের জানাজা একসাথে করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকার জন্য কেনাকাটা করতে এটিএম বুথের ১৭ লক্ষ টাকা চুরি
পরবর্তী নিবন্ধসড়কের মাঝখানে হঠাৎ জ্বলে উঠল আগুন