সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক এটিএম বুথের ১৭ লক্ষ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ডকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম। গত শনিবার বিকেল ৩টার দিকে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলী (৫৪) কে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গার্ড আইযুব আলী জানায়, প্রেমিকার জন্য কেনাকাটা করতে তিনি এটিএম বুথ থেকে টাকা চুরি করেছিলেন।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথের কর্মকর্তারা ব্যাংকের তালা বন্ধ করে খাবারের বিরতিতে যান। তারা ফিরে এসে ক্যাশ গণনা করে দেখতে পান ১৭ লক্ষ টাকা এতে কম রয়েছে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যাংকের সিকিউরিটি গার্ড আইয়ুব আলী কৌশলে নকল চাবি দিয়ে নিজেই টাকা চুরি করে পালিয়ে যাচ্ছেন। একই দিন সন্ধ্যার দিকে ইসলামী ব্যাংক চট্টগ্রাম চকবাজার শাখার অফিসার মোহাম্মদ মুঈনুল ইসলাম বাদি হয়ে উক্ত এটিএম বুথে দায়িত্বে থাকা গার্ড আয়ুব আলীকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আর মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পুলিশ রংপুর জেলার কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিযুক্ত আইয়ুব আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, আইয়ুব আলীর সাথে রংপুরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে আইয়ুব আলী বিবাহিত। কঙবাজার জেলায় তার স্ত্রী–সন্তান রয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক এটিএম বুথের ১৭ লক্ষ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত আসামি সিকিউরিটি গার্ড আয়ুব আলী থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী জানিয়েছে যে বাকি টাকা সে প্রেমিকার জন্য কেনাকাটায় খরচ করেছে।












