চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন।
আটকরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন হৃদয় (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে রিভলবার আকৃতির একটি লাইটার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এটি আগ্নেয়াস্ত্র হিসেবে প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বস্তুটি ধাতব নির্মিত একটি শৌখিন লাইটার, যা দেখতে অনেকটা রিভলবার পিস্তলের মতো। এটি চীনে তৈরি এবং বিউটেন গ্যাস দিয়ে পুনরায় ব্যবহার করা যায়।
বাজারে এমন কিছু মডেল ‘কোল্ট পাইথন ৩৫৭ ম্যাগনাম’-এর আদলে তৈরি রেপ্লিকা হিসেবে বিক্রি হয় এবং দেশি-বিদেশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যায়।
কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন বলেন, “অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”












