রাঙ্গুনিয়ায় একদিনে পৃথকস্থান থেকে দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে ও বিকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পৃথক স্থানে এ দুই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায়। নিজ বাড়ি থেকে মো. বাবর (২৮) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মনোয়ারের ছেলে। শুক্রবার দুপুরে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। স্বজনদের বরাতে জানা যায়, নিহত বাবর কিছুদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। একই দিন সন্ধ্যায় মরিয়মনগরের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে দ্বিতীয় ঘটনা। সেখানে কর্ণফুলী নদীর চরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মোহাম্মদ তানভির হোসেন (৩০) নামের আরেক প্রবাসীর নিথর দেহ।
মৃত্যুর কিছুক্ষণ আগে তানভির তার ফেসবুক আইডিতে লিখেন-‘আমার মৃত্যুর কারণ আমার চাচা শ্বশুর। এত বড় অপবাদ না দিলেও পারতে। সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেকো প্রিয় বউ। সবকিছু শেষ আমার।’ স্থানীয়রা নদীর চরে গাছে তার দেহ ঝুলতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্মস্থলে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করা হাসিখুশি ও ভদ্র স্বভাবের এই যুবকের এমন অকাল চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজন ও প্রতিবেশীরা।
রাঙ্গুনিয়া থানার ওসি জহির উদ্দিন জানান, পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের প্রকৃত কারণ উদঘাটিত হবে।












