কালুরঘাট ফেরির চলমান ইজারা প্রক্রিয়ার মেয়াদ শেষ হতে যাওয়ায় নতুন করে তিন বছরের জন্য টেন্ডার আহ্বান করেছে সড়ক ও জনপথ বিভাগ রহমতগঞ্জের নির্বাহী প্রকৌশলীর দপ্তর। নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হলে কালুরঘাট ফেরির বর্তমান ইজারা আদায়কারী প্রতিষ্ঠান আমরিন এন্ড ব্রাদার্সের পক্ষ থেকে হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা দিয়ে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামকে পরপর দুটি চিঠিতে প্রকাশিত টেন্ডারের সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরোধ করেছে বলে জানিয়েছেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন।
এই ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন আজাদীকে বলেন, কালুরঘাট ফেরির বর্তমান ইজারা আদায়কারী প্রতিষ্ঠান আমরিন এন্ড ব্রাদার্সের প্রোপ্রাইটর মোহাম্মদ মনছুর আলম ইতোমধ্যে আমাদেরকে পরপর দুটি চিঠি দিয়ে নতুন করে টেন্ডার আহ্বান স্থগিত রাখার জন্য বলেছেন। তিনি হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে এই দুটি চিঠি দিয়েছেন। আমাদের আইনজীবী বলেছেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে বলা হয়েছে– আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফেরির চলমান টোল আদায় কার্যক্রম অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। যেহেতু আগামী সেপ্টেম্বরে কালুরঘাট ফেরির চলমান টোল আদায়কারী প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে তাই নতুন করে টেন্ডার আহ্বান করা যাবে।’
এরই মধ্যে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী গত ২১ জুন কালুরঘাট ফেরির বর্তমান ইজারা আদায়কারী প্রতিষ্ঠান আমরিন এন্ড ব্রাদার্সের প্রোপ্রাইটর মোহাম্মদ মনছুর আলমকে হাইকোর্টের নির্দেশনা ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখা দিয়ে চিঠি দেয়ার ব্যপারে সতর্ক করে তাকে পাল্টা চিঠি দিয়েছেন।
চিঠিতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী উল্লেখ করেছেন, মহামান্য হাইকোর্ট বিভাগ কালুরঘাট ফেরি ঘাটের টোল আদায়ের টেন্ডার প্রক্রিয়া, টেন্ডার ওপেন কিংবা টেন্ডার নোটিশের উপর কোনো স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা প্রদান না করলেও আপনি অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা পূর্বক কালুরঘাট ফেরিঘাট সংক্রান্ত প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তির অধীনে পরবর্তী সকল কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উক্ত পত্রে অনুরোধ করেন। আপনি গত ২০ মে ও ২৩ মে দুই দফা চিঠিতে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশের ভুল ব্যাখ্যা প্রদান অব্যাহত রেখে সরকারি কাজে বাধা প্রদান করে যাচ্ছেন, যা আদালত অবমাননার সামিল।
সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের রহমতগজ্ঞের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, কালুরঘাট ফেরির চলমান ইজারা প্রক্রিয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। টোল নীতিমালা অনুযায়ী চলমান ইজারার মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম চার মাস পূর্বে নতুন ইজারাদার নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশনা রয়েছে। এই প্রেক্ষিতে আগামী তিন বছরের জন্য ফেরির টোল আদায়ের জন্য টেন্ডার আহ্বান করে ২১ মে জমাকৃত টেন্ডার উন্মুক্তকরণের সময় নির্ধারণ ছিল।












