হালিশহরে রেলওয়ের একমাত্র ট্রেনিং একাডেমি আধুনিকায়নের উদ্যোগ

৪২ বছর পর ১৫ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ফিজিবিলিটি স্টাডি শেষে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে

শুকলাল দাশ | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ৪২ বছরের পুরনো জরাজীর্ণ একমাত্র ট্রেনিং একাডেমিটি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত ও আধুনিক রেল পরিচালনায় মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান। বাংলাদেশ রেলওয়েতে নিয়োগের পর সকল কর্মকর্তাকর্মচারীদের এই একাডেমিতে প্রশাসনিক, কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধিসহ আধুনিক রেল পরিচালনা, নিরাপত্তা, যোগাযোগ, সিগন্যালিং ও পরিবহন ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

রেলের কর্মকর্তাকর্মচারীদের প্রশিক্ষণের ক্ষেত্রে রেলওয়ে ট্রেনিং একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ এই একাডেমির অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। গুরুত্বপূর্ণ এই একাডেমিটি আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শেষে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমির (হালিশহর চট্টগ্রাম) চীফ ট্রেনিং কর্মকর্তা (যান্ত্রিক) ও প্রকল্প পরিচালক জেবুন্নেছা জেরী। তিনি জানান, রেলওয়ের ট্রেনিং একাডেমির আধুনিকায়নে প্রকল্পের পরামর্শক নিয়োগের টেন্ডার আহ্বান করা হয়েছে। ১৫ কোটি ২৮ লাখ টাকার এ প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হবে। বাংলাদেশ রেলওয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রযুক্তিগত ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির প্রধান প্রতিষ্ঠান এটি। এই একাডেমির বিদ্যমান প্রশাসনিক ভবন, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, প্রশিক্ষণার্থী কর্মকর্তাকর্মচারীদের হোস্টেল, মডেল রুম, স্টাফ কোয়ার্টার, অভ্যন্তরীণ রাস্তা ইত্যাদি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে। প্রশিক্ষণার্থী কর্মকর্তাকর্মচারীদের হোস্টেলে সিটের সংখ্যাও কম।

জানা গেছে, সরঞ্জামাদিসহ আধুনিক সুযোগসুবিধার অভাব, জনবল ঘাটতি এবং যথাযথ লজিস্টিক সাপোর্ট না থাকায় রেলওয়ে ট্রেনিং একাডেমি বর্তমানে অকার্যকর হওয়ার উপক্রম হয়েছে। চট্টগ্রামের হালিশহরে ১৯৮৪ সালে ৯১ দশমিক ৩৯ একর জমির ওপর এ ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকে যাত্রীসেবা নিশ্চিত করতে রেলের জনবল প্রশিক্ষিত করার কাজে ট্রেনিং একাডেমি কাজ করছে। বর্তমানে ৩০ বছর মেয়াদি রেলওয়ে মাস্টারপ্ল্যানে ট্রেনিং একাডেমি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রকল্পটি নেওয়া হয়েছে।

এই একাডেমিতে প্রশিক্ষণ কার্যক্রম : চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ে একাডেমিতেরেলওয়ের ট্রাফিক, অপারেশন ও কমার্শিয়াল ম্যানেজমেন্ট, মেকানিক্যাল, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ট্র্যাক মেইনটেন্যান্স পার্সোনেল, ফাইন্যান্স ও অ্যাডমিনিস্ট্রেশন ও তথ্যপ্রযুক্তি ও ইগভর্ন্যান্সএর উপর রেলওয়ের সকল কর্মকর্তাকর্মচারীরা প্রশিক্ষণ নিয়ে থাকেন।

উন্নয়ন ও আধুনিকায়ন : রেলওয়ের আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই একাডেমির উল্লেখযোগ্য দিক : বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন রেল প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর একটি। এখানে প্রতিবছর শত শত কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন স্তরের প্রশিক্ষণ গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে খুন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী-শি জিনপিং বৈঠক আজ