যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউ ইয়র্ক শহরে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি (প্রাথমিক বাছাই) নির্বাচনে বিশাল জয় পেয়ে চমক দেখিয়েছেন বামঘেঁষা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানি–সমর্থিত প্রার্থীরা। ওদিকে, পরাজিত হয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছেন বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। নির্বাচনের ফলে দেখা যায়, নিউ ইয়র্কের ১০ নম্বর কনগ্রেশনাল নির্বাচনী এলাকায় দুই মেয়াদের কংগ্রেস সদস্য গোল্ডম্যানকে বড় ব্যবধানে হারিয়েছেন প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডার।
এই লড়াইয়ের মধ্য দিয়ে ইসরায়েল–গাজা যুদ্ধ নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরের অভ্যন্তরীণ তীব্র মতভেদ ও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। ল্যান্ডার যেখানে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন, সেখানে গোল্ডম্যান ছিলেন ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলোর সমর্থনপুষ্ট। বেশিরভাগ ভোট গণনা শেষে দেখা গেছে, ল্যান্ডার ৬৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে গোল্ডম্যানকে (৩৪ দশমিক ১ শতাংশ) অনায়াসে হারিয়েছেন। খবর বিডিনিউজের।
ডেমোক্র্যাটদের বামপন্থার উত্থান ও মামদানির প্রভাব: মেয়র জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টিকে আরও বামপন্থার দিকে ঝুঁকিয়ে দেওয়ার যে চেষ্টা চালাচ্ছেন, মঙ্গলবারের এই জয়কে তার একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ল্যান্ডার ছাড়াও মামদানি–সমর্থিত আরও দুজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী প্রাইমারি লড়াইয়ে জয়ী হয়েছেন।
৭ নম্বর নির্বাচনী এলাকায় অ্যাসেম্বলিওম্যান ক্লেয়ার ভালদেজ ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেনোসোকে পরাজিত করেছেন। অন্যদিকে, ১৩ নম্বর নির্বাচনী এলাকায় চমক দেখিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থি আন্দোলনের কর্মী ও ডক্টরাল শিক্ষার্থী দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ের। তিনি পাঁচ মেয়াদের কংগ্রেস সদস্য এবং কনগ্রেশনাল হিস্পানিক ককাসের চেয়ারম্যান আদ্রিয়ানো এস্পাইলাতকে পরাজিত করেছেন।
জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে মেয়র মামদানি বলেন, এটি কেবল আরও বেশি ডেমোক্র্যাটকে নির্বাচিত করার বিষয় নয়, এটি আরও যোগ্য ডেমোক্র্যাটদের নির্বাচিত করার লড়াই। এই প্রার্থীরা শ্রমজীবী মানুষকে আমাদের রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনতে চান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়র মামদানির এই সাফল্যকে কটাক্ষ করে লিখেছেন, আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না! ট্রাম্প এর আগেও মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছিলেন, যা মামদানি প্রত্যাখ্যান করেছেন। এছাড়া গোল্ডম্যানের পরাজয়ের পর ট্রাম্প তাকে ‘দুর্বল ও করুণ’ বলে কটাক্ষ করে লিখেছেন, তিনি বড় ব্যবধানে হেরেছেন।










