মাঠপর্যায়ে সেবাপ্রার্থীকে সেবাদানের মাঝেই অসহায় মানুষের কল্যাণ নিহিত

বান্দরবানে সামাজিক নিরাপত্তা উৎসবে জেলা প্রশাসক

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে গত ২৩ জুন বান্দরবান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘সামাজিক নিরাপত্তা উৎসব’। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। প্রধান বক্তা ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম।

বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম ও বান্দরবান প্রেস ক্লাব সভাপতি।

প্রধান অতিথি বলেন, পার্বত্য এলাকায় মাঠপর্যায়ে সেবাপ্রাপ্তি ও উপকারভোগীর সমস্যা ও অসুবিধার কথা শুনার এই উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের অনেক উপকারে আসবে। মাঠপর্যায়ের সকল ঘাটতি দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, মাঠপর্যায়ে সেবাপ্রার্থীকে সেবাদানের মাঝেই অসহায় মানুষের কল্যাণ নিহীত।

প্রধান বক্তার বক্তব্যে সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো.শহীদুল ইসলাম মাঠপর্যায়ে চলমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল সেবার বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং সেবাপ্রার্থীদের নানাবিধ ভোগান্তি ও সেবা পেতে উপকারভোগীর কি কি অসুবিধা হয় তা বলার জন্য সবাইকে অনুরোধ জানান। বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, আজকের সামাজিক নিরাপত্তা সেবা উৎসবে উপস্থিত জনগণ অন্যদের চেয়ে আলাদা। সমাজসেবা অধিদপ্তরের সেবা কার্যক্রমের ব্যাপক প্রচার প্রয়োজন। তিনি নাগরিকের যে কোন সমস্যা জানতে উপজেলা প্রশাসন প্রস্তুত আছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন প্রয়াত চেয়ারম্যানের স্মরণে সভা