মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের তিন প্রয়াত চেয়ারম্যান –প্রফেসর এম এম আহসান উল্লাহ, প্রফেসর ড. এনায়তুর রহমান এবং প্রফেসর রণজিৎ ধর স্মরণে স্মরণসভা গতকাল বুধবার বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বর্তমান চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। সভাপতিত্ব করেন বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। স্মরণসভায় বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে সত্যিকার অর্থে একটি জনমুখী ও আধুনিক শিক্ষাপ্রশাসন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়াত তিন চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের অবদান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। শেষ পর্যায়ে প্রয়াত চেয়ারম্যানদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন ধন্যবাদসূচক বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।












