সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালান করে আনা প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার নাজির হোসেন (৪৫), রবিউল আলম (৩৫) ও আব্দুল আজিজ (২৭), নোয়াখালীর হাতিয়া উপজেলার নবির উদ্দিন (৪৯) এবং টেকনাফ উপজেলার ইদরিস (৩৬) ও সামসুল আলম (২৮)

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুত গভীর সমুদ্রে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া দিয়ে বোটটি আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআহলে বায়াতে রাসুলের (দ.) প্রতি ভালোবাসাই হলো ঈমান
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন