প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটিয়ার সাবেক মেয়র

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি আইয়ুব বাবুল। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে পটিয়ায় আনা হয়। মায়ের জানাজায় অংশ নেন। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পারিবারিক সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) গতকাল সোমবার দুপুর পৌনে ১২ টায় পটিয়া পৌরসদরের ওয়াপদা রোড এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।

রাত সাড়ে নয়টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আইয়ুব বাবুল। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফন শেষে রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাবুলকে আবার কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবৃষ্টিভেজা বাঁকে মুখোমুখি দুই বাস, পাহাড়ে একটির ধাক্কা