অর্থ পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সহযোগী ও সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিজিৎ অধিকারী তীর্থকে দুর্নীতির মামলায় পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত–১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। খবর বিডিনিউজের।
সম্পদের তথ্য গোপনের মামলায় অভিজিৎ অধিকারীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এছাড়া জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। পাশাপাশি এক কোটি ৩৫ লাখ পাঁচ হাজার ২৮৪ টাকা অর্থদণ্ড করা হয়েছে; অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ এসেছে রায়ে।












