অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের গণপ্রচারণা কর্মসূচিতে নেতৃবৃন্দ

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অধীনতামূলক বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দেশিবিদেশি লুটেরাদের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল সোমবার গণপ্রচারণা কর্মসূচি পালন করা হয়। নগরীর শাহ আমানত মার্কেট চত্বর থেকে চেরাগী মোড় পর্যন্ত গণপ্রচারণা কর্মসূচিতে শাহ আমানত মার্কেট, হাজারি গলি, আন্দরকিল্লা ও চেরাগী মোড়ে পৃথক চারটি পথসমাবেশ ও জনগণের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। বিভিন্ন পথসভায় বক্তব্য দেন, সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহা, গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি কমরেড রাজা মিঞা, বাসদ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক অ্যাড. শফিউদ্দিন কবির আবিদ, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ কমরেড আল কাদেরী জয়, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিটি অসম ও অন্যায্য এবং বাংলাদেশের জন্য অধীনতামূলক। চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু অর্থনেতিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, এতে নিরাপত্তা, জাতীয় স্বাধীনতাসার্বভৌমত্বও ক্ষুণ্ন হবে। এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আ. লীগ-যুবলীগ নেতাসহ ৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ ওষখাইন আলীনগর দরবারে কারবালা মাহফিল