নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি নূর আহমেদ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় কামরুল হাসান কামাল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। গত শনিবার বিকেল সাড়ে ৩টায় দিকে কাজীর দেউড়ি নূর আহমেদ সড়কের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোতোয়ালী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আউয়াল। নিহত কামরুল হাসান সদরঘাট থানাধীন কদমতলী রশিদ মসজিদ গলির নুরুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ট্রাক ড্রাইভার কামরুল হাসান কামাল রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহীকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয় এবং কোর্টে চালান দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার মনি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












