চট্টগ্রামসহ দেশের চার বিভাগের কিছু এলাকায় ‘অতিভারী’ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। গতকাল সোমবার বিকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অতিভারী বর্ষণ হতে পারে। বিভাগজুড়েই অতিভারী বৃষ্টি হবে না। তাৎক্ষণিক পূর্বাভাস পেতে জনসাধারণকে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেইজে নজর রাখার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। খবর বিডিনিউজের।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, ১৫৩ মিলিমিটার।











