আনোয়ারা উপজেলা সদরে প্রকাশ্য দিবালোকে মো. সোহেল (২২) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর এলাকার দীপু মনি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত সোহেল উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ আলমের ছেলে। অভিযুক্ত যুবকের নাম মো. গিয়াস উদ্দিন (২৫)। তিনি একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাড়ে ১১টার দিকে থানা রোডের দীপু মনি মার্কেটের সামনে সোহেলকে ধাওয়া করে নিয়ে আসেন গিয়াস উদ্দিন। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, টাকা লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।










