ফিলিস্তিনি ছিটমহল গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভূখণ্ডটিতে শনিবার ইসরায়েলি হামলায় এক পরিবারের চারজন ও এক সাংবাদিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। খবর বিডিনিউজের।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাসের কর্তৃত্বাধীন উদ্ধারকারী পরিষেবা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা সিটির সাব্রা এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাতে আকাশ হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে আল–সাফাদি পরিবারের চার সদস্য নিহত হয়। নিহতরা স্বামী, স্ত্রী ও তাদের দুই কন্যা।
হামলায় আরও ১২ জন আহত হয়। গাজা সিটির আল–শিফা হাসপাতাল সাফাদি পরিবারের দুই শিশুসহ চার সদস্যের মৃতদেহ গ্রহণের কথা নিশ্চিত করেছে। নিহতদের স্বজন নায়েল আল–সাফাদি বলেন, শনিবার রাত প্রায় ২টার দিকে আমার চাচাতো ভাইয়ের পরিবার যখন ঘুমিয়ে ছিল তখন একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আল–শিফা হাসপাতাল জানিয়েছে, গাজার উত্তরাংশে একটি চৌরাস্তার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত আরেক ফিলিস্তিনির মৃতদেহ তাদের এখানে আনা হয়েছে। শনিবার পরে ইসরায়েলের বেশ কয়েকটি হামলায় ঘটনায় আরও ছয়জন নিহত হয়। এদের মধ্যে তিনজন নিহত হয় গাজার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায়, জানিয়েছে সিভিল ডিফেন্স।












