নগরীর কালুরঘাটের বিসিক শিল্প এলাকায় একটি গার্মেন্টসের সামনে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে কালুরঘাট ভারী শিল্পাঞ্চলে অবস্থিত ইউনুস্কো (এসটিএস) গ্রুপের সামনে পাঁচ যুবকের একটি দল শোডাউন দিয়ে ফাঁকা গুলি ছুড়ে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ৫ যুবকের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি–শার্ট পরা এক যুবক পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে এসে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করে কারখানার দিকে তাক করে গুলি ছুড়ে। রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়ও তাদের গুলি ছুড়তে দেখা যায়।
সূত্র জানায়, যুবকেরা চাঁদার দাবিতে গার্মেন্টসে প্রবেশের চেষ্টা করে। ভেতরে যাওয়ার আগেই একজনের হাতে থাকা পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
স্থানীয় লোকজনের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় রয়েছে। গুলির ঘটনার পর এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়। এটিও আধিপত্য বিস্তারের জন্য বলে তারা মন্তব্য করেন। দুবাইয়ে পলাতক বড় সাজ্জাদ গ্রুপের ক্যাডারেরাই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আতংক সৃষ্টি করছে বলে ধারণা পুলিশের।
চান্দগাঁও থানা পুলিশ বলেছে, পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এ ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, কোনো মামলাও কেউ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও চান্দগাঁও থানা পুলিশ জানায়।











