হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ আজ টাইগারদের

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৩য় টি-২০ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে পরাজিত হয়ে সিরিজ হেরেছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশের শঙ্কা তাদের সামনে। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে স্বাগতিকরা। শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া এখন বাংলাদেশ দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। যে কারণে চট্টগ্রামে টিটোয়েন্টি সিরিজও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। কিন্তু টিটোয়েন্টি ফরম্যাটে খেলতে নেমে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৪ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ভালো করলেও, মাঝের ওভারগুলোতে ছন্দ হারায় বাংলাদেশ। ১৫ ওভার শেষেও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। শেষ ৫ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ৫৪ রান দরকার ছিল টাইগারদের। কিন্তু তা করতে ব্যর্থ হয় টাইগাররা। সিরিজ হারের হতাশা থাকলেও, হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন, ‘আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। উইকেটে সেট হওয়ার পর বড় ইনিংস খেলতে হবে ব্যাটারদের। তাহলেই ম্যাচ জয় সম্ভব। আমরা বিশ্বাস করি, পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো।’ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। লেগস্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট নিলেও, দ্বিতীয়টিতে ব্যয়হুল ছিলেন রিশাদ। ৪ ওভারে ৪৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। এদিকে, ওয়ানডে সিরিজ হারের পর টিটোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ২০২১ সালে বাংলাদেশের কাছে ৪১ ব্যবধানে সিরিজ হারের পর, এই টিটোয়েন্টি জয় অস্ট্রেলিয়ার মুখে হাসি ফুটিয়েছে। সিরিজ জয়ে দলের পারফরমেন্সে খুশি হলেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মরিয়া অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘স্বাভাবিকভাবেই, এই সিরিজ জয়ের জন্য আমরা মুখিয়ে ছিলাম এবং প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ শেষ করতে পারাটা দলের জন্য সত্যিই আনন্দের। জয় অবশ্যই আনন্দের, কিন্তু আমাদের এখনও এক ম্যাচ বাকি আছে।’ সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় রিজার্ভ বেঞ্চ নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারে অস্ট্রেলিয়া। এই সফরে এখনও খেলেননি উইকেটরক্ষকব্যাটার জশ ফিলিপ এবং বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমান। সফরের শেষ ম্যাচে তাদের সুযোগ দেওয়া হতে পারে। এখন পর্যন্ত টিটোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশঅস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। অস্ট্রেলিয়ার জয় নয়বার।

পূর্ববর্তী নিবন্ধদ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিল মরক্কো
পরবর্তী নিবন্ধবিয়ের সাজে মুগ্ধতা ছড়ালেন বুবলী