মেসির বাবার মৃত্যুর ভুয়া খবরে চাকরি হারালেন সংবাদকর্মী

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর প্রচার করায় আর্জেন্টিনার এক টিভি উপস্থাপকসহ একাধিক সংবাদকর্মী চাকরি হারিয়েছেন। আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লুসু টিভি’তে একটি লাইভ শোতে নারী উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা বলেন, হোর্হে মেসি মারা গেছেন এবং উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে লিওনেল মেসি আর কোনো ম্যাচ খেলবেন না। ‘আমি কোনো দুঃসংবাদ দিতে চাই না, কিন্তু মেসির বাবা এইমাত্র মারা গেছেন। বিশ্বকাপের ঠিক মাঝখানে।’ এর কিছুক্ষণ পরই, প্রযোজকদের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে তিনি পরিষ্কার করেন যে, তথ্যটি যাচাই করা হয়নি। কিন্তু ততক্ষণে ভুয়া খবরটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়ার পর মেসির পরিবার বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানায়, হোর্হে মেসি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থার ‘ভালো উন্নতি হচ্ছে।’

ওই ঘটনায় পেনা তার পদ থেকে পদত্যাগ করেন এবং মেসির পরিবারের কাছে ক্ষমা চান। লাইভ সমপ্রচারের সময় তার ইয়ারপিসের মাধ্যমে ভুল তথ্য দেওয়ার জন্য প্রযোজনা দলকে দায়ী করেন তিনি। লুসু টিভি কর্তৃপক্ষও ক্ষমা চেয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ‘দায়ীদের’ তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০টি ব্র্যান্ড তাৎক্ষণিকভাবে চ্যানেলটির সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছে। মেসি পরিবারের বিবৃতিতেও ভুয়া প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে তুরস্কের বিদায়
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র