মোহছেন আউলিয়ার (রহ.) ওরশে ভক্তদের ঢল

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। ওরশ উপলক্ষে গত দুই দিন ধরে আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্ত অনুরক্তের পদচারণায় বটতলীর মাজার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ওরশ পালন উপলক্ষে মাজার পরিচালনা কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল, তাবারুক বিতরণ, জেয়ারতসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়। শুধু তাই নয় ভক্তরা তাদের মনোবাসনা পূরণে কোরানখানি, মিলাদ, দোয়া মাহফিল, জিয়ারত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে বার্ষিক ওরশ পালিত হয়। গতকাল শনিবার বটতলী রুস্তম হাটের মাজার প্রাঙ্গণে হাজার হাজার ভক্তঅনুরক্তরা তাদের মনোবাসনা লাভের আশায় মাজার জেয়ারত করতে দেখা গেছে। আনোয়ারার উপজেলা ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, বোয়ালখালী, সাতকানিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে যানবাহনে করে গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন গবাদি পশু নিয়ে বটতলীর মাজার প্রাঙ্গণে হাজির হয়ে মাজার জেয়ারতে অংশ নিতে দেখা গেছে। এ সময় জারি সারি, মারফতি গানের আসরও বসতে দেখা যায়। ওরশকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসবের আমেজ দেখা গেছে। ওরশে আগত ভক্তদের গাড়ির চাপ সামলাতে পুলিশের হিমশিম খেতে দেখা যায়। এ সময় বিভিন্ন সড়কে যানজট তৈরী হয়। জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্তদের প্রার্থনার মধ্যদিয়ে গতকাল মধ্যরাতে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না : রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধবাবা তুমি ভালোবাসা বাবা তুমি নির্ভরতা