লোহাগাড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিসমান পানিতে উপুড় হয়ে থাকা অবস্থায় মোহাম্মদ আকসান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকসান একই এলাকার বাসিন্দা ও সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবা মোরশেদ হোসেন ওই মাদ্রাসার শিক্ষক এবং পুরান বিওসি মসজিদের পেশ ইমাম।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আকসানসহ একই বয়সী চার শিশু বাড়ির পাশে পরিত্যক্ত খোলা জায়গায় ফুটবল খেলছিল। ওই জায়গার কিছু অংশে পায়ের গোড়ালিসমান পানি জমে ছিল। দুপুর ১টার দিকে তিন শিশু বাড়ি ফিরে গেলেও আকসান সেখানে একাই খেলতে থাকে। পরে দেড়টার দিকে এক পথচারী ওই জায়গার পানিতে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











