চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ হোক

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দক্ষিণপূর্বাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন হাজারো যাত্রী, বিশেষ করে প্রবাসীরা, এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন সময়ে যাত্রীদের হয়রানি, অযথা ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা এবং অসহযোগিতামূলক আচরণের অভিযোগ শোনা যায়। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ঘামঝরা পরিশ্রমে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ হয়। কিন্তু তাঁদের অনেককে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এমন পরিস্থিতি শুধু যাত্রীদের দুর্ভোগই বাড়ায় না, দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করে।

বিমানবন্দর কর্তৃপক্ষের উচিত যাত্রীসেবা আরও উন্নত করা, অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। যাত্রীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ও স্বচ্ছ সেবার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আমরা এমন একটি বিমানবন্দর দেখতে চাই, যেখানে স্বদেশে ফেরার আনন্দ কোনোভাবেই ম্লান হবে না, যেখানে প্রতিটি যাত্রী নিজেকে সম্মানিত ও নিরাপদ মনে করবেন।

মো. হেফাজ উদ্দিন

শিক্ষার্থী,

বাঁশখালী ডিগ্রি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধকামাল লোহানী : সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধবাবা মানে ছায়া