নগরীর চৌমুহুনী মোড় এলাকা থেকে ১১ বছর আগে একটি একনলা বন্দুক উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. জলিল কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। মো. জসিম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা এলাকার বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। ২০১৫ সালের ২১ জুলাই নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড় এলাকায় কয়েকজন লোক অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে– এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। উক্ত অভিযানে মো. জলিলকে একটি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হলে আদালত চার্জগঠন করে আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।











