আজ জিততেই হবে বাংলাদেশকে

দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৮:২৬ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে ১০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। টিটোয়েন্টি সিরিজ শুরুর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই টিটোয়েন্টিতে খেলতে নামে স্বাগতিকরা। তবে প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করতে হয় দলকে।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথম টিটোয়েন্টিতে নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে হারের জন্য ব্যাটিং ইউনিটকেই দায়ী করেন তিনি। হৃদয় বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের অন্তত ১৬০ থেকে ১৭০ রান করা উচিত ছিল। মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় বড় জুটি গড়া যায়নি। প্রথম ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, আমরা সবাই জানি কোথায় ভুল করেছি। আশা করি পরের ম্যাচে সেই ভুলগুলো কাটিয়ে উঠতে পারব। তবে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হৃদয়। তার ভাষ্য, প্রতি ম্যাচেই বোলাররা ভালো করছে।

অন্যদিকে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারায় খুশি অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য তাদের। মার্শ বলেন, জয় দিয়ে সিরিজ শুরু করাটা সবসময়ই আনন্দের। বিশেষ করে তিন ম্যাচের সিরিজে। এতে দলের আত্মবিশ্বাস বেড়েছে। এখন আমাদের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা।

এখন পর্যন্ত টিটোয়েন্টিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে চার ম্যাচে, অস্ট্রেলিয়া আটটিতে। দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের একাদশ ধরে রাখার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। তবে সিরিজে টিকে থাকতে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে।

প্রথম ম্যাচ শেষে লিটনকে মিস করার কথা জানিয়ে পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেছিলেন, লিটনকে মিস করেছি আমরা। ফিজিও তার চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, পরের ম্যাচের আগেই তার অবস্থা নিয়ে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে। দলীয় সূত্রে জানা গেছে, লিটনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে আজকের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, তা ফিটনেস পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধএকজনের ১৪ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনগরীর আরও পাঁচ স্থানে খাল খনন কার্যক্রম উদ্বোধন